ঢাকা, বৃহস্পতিবার   ০৫ মার্চ ২০২৬

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩১, ৫ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালকের মারধরে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী ছিলেন। অভিযুক্ত অটোরিকশা চালক আরমান (৩৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বায়োতির শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে আরমানের সঙ্গে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের বাকবিতণ্ডা হয়। এ সময় যুবদল নেতা বেলাল হোসেন বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তার সঙ্গেও আরমানের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বেলালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত অটোরিকশা চালক আরমান পালাতক রয়েছে বলে জানা যায়। 

এই ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও বিক্ষুব্ধ জনতা লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে পৌর শহরের শহীদ ওসমান চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা অভিযুক্ত অটোচালক আরমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এবিষয়ে রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত আরমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি