নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩
প্রকাশিত : ২২:৫৮, ৬ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় থাকা একটি ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভবনটির নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। বিস্ফোরণে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটিয়া ছগির।
বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।
নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে গুদামে জমে থাকা গ্যাসের কারণে এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমআর//
আরও পড়ুন










