ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়কে দুই সহস্রাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩১, ১২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ঈদযাত্রায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসষ্ট‍্যান্ডের উভয়পার্শ্বে দুই সহস্রাধিক অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।  

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে সাভার নিউমার্কেট এলাকা হতে শুরু করে মহাসড়কের উভয়পার্শ্বে প্রায় দুই ঘন্টাব‍্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষার্থে উচ্ছেদ কার্যক্রমে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশ ও স্থানীয় কর্মীরা সহযোগিতা করেন। তাদের কার্যক্রমে তাৎক্ষণিক মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন দেখা যায়।

উচ্ছেদ অভিযানের সময় হকাররা জানান, তাদের কোন নোটিশ না দিয়ে ও পুনর্বাসন না করে এ উচ্ছেদ করা হলে ব‍্যাপক ক্ষতির সম্মুখিন হবে তারা। ঋণ করে ঈদকে সামনে রেখে বিভিন্ন মালামাল ক্রয় করেছে। এ সকল ঋণ পরিশোধ ও সংসার চালাতে ঈদের বেচাকেনার উপরই ছিল তাদের ভরসা। এখন যদি তাদের উচ্ছেদ করা হয় তাহলে কিভাবে ঋণ পরিশোধ করবে এ নিয়ে পরেছেন বিপাকে। 

এ সময় অনেককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায়। তারা জানায়, ঈদকে সামনে রেখে যেন তাদের দিকটা বিবেচনা করা হয় সে ব‍্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট নিবেদন করেন। 

তবে অভিযানের কয়েক ঘন্টা পরই অনেককে আবার সড়কের পাশে বসতে দেখা যায়।

এ ব‍্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতেই এই অভিযান। এটা অব‍্যাহত থাকবে। অভিযানের পর পুনরায় দোকানপাট বসানোর ব‍্যাপারে প্রশ্নের উত্তরে জানান, এটা সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে ঈদের পর উদ‍্যোগ গ্রহণ করা হবে। 

জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের বাজার বাসষ্ট‍্যান্ড এলাকার উভয়পার্শ্বে দীর্ঘদিন ধরে দুই সহস্রাধিক অস্থায়ী দোকানপাট বসিয়ে ব‍্যবসা করে আসছিল হকাররা। অভিযোগ আছে এ সকল দোকান হতে প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় প্রতিদিন ব‍্যাপক চাঁদাবাজি করে আসছে। তবে বরাবরই তা স্থানীয় রাজনীতিবিদরা অস্বীকার করে আসছে।

একটি সংঘবদ্ধ চক্র ফুটপাতের দোকানপাটের আড়ালে মাদক বিক্রি, ছিনতাই-চুরির মতো ঘটনা ঘটাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

তাই এ থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট প্রশাসনকে স্থায়ী সমাধানের দাবি করছেন সাধারণ জনগণ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি