ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

জব্দকৃত পেট্রোল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে দিলেন ইউএনও

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমান আদালতের জব্দকৃত ৩৭৬ লিটার পেট্রোল বিক্রির টাকা ব্যাংকের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

রোববার সকালে এ তথ্য জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, আমরা সকল বিধিবিধান মেনে তেল জব্দের ওই কার্যক্রম পরিচালনা করেছি। বিক্রি করা তেলের টাকা সাপ্তাহিক ছুটি শেষ হওয়া মাত্রই রোববার সকালে ব্যাংকের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এটি নিয়ে ভূল বোঝা-বুঝির কিছু নেই। অতি উৎসাহী কতিপয় ব্যক্তি ভূল তথ্য জেনে কিছু লিখে থাকলে বা প্রচার-প্রচারণা করে থাকলে সে দায়ভার তাদের। 

তিনি আরও বলেন, তেলের সংকট মূহূর্তে সরকারের নির্দেশনা মেনে মজুদদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত শুক্রবার বিকালে উপজেলার বিনসাড়া বাজারের মের্সাস মোল্লা এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ রাখার দায়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান। এ সময় তিনি অবৈধ ভাবে মজুদ রাখা আনুমানিক ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন। পাশাপাশি ওই দোকান মালিক শাহ আলমকে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়। 

পরে ওই তেল স্থানীয় চাহিদার প্রেক্ষিতে উপজেলার খালকুলা নর্থ বেঙ্গল সমবায় ফিলিং স্টেশনে নিয়ে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ১১৬ টাকা লিটার দরে প্রত্যেক মোটরবাইক মালিকদের কাছে ১ লিটার করে বিক্রি করা হয়। তাতে ৩৭৬ লিটার পেট্রোল পাওয়া যায় এবং বিক্রি করে সর্ব মোট ৪৩ হাজার ৬১৬ টাকা গচ্ছিত হয়। 

সাপ্তাহিক ছুটি থাকায় এ টাকা রোববার সকালে ব্যাংকের মাধ্যমে সরকারী কোষাগারে জমা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী জাহিদুল ইসলাম জানান, দুটি ড্রামে জব্দকৃত পেট্রোল ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল। বিক্রির পর খালি ড্রাম দুটি ফেরৎ এনে মালিক পক্ষকে দেয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি