ভূরূঙ্গামারী বাজারে আগুন, ১০৫ দোকান পুড়ে ছাই
প্রকাশিত : ১৫:৪১, ৫ জুন ২০২৬
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী বাজারের ‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র ব্যবসায়ী মার্কেট’ ও ‘চেয়ারম্যান মার্কেট’-এ হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে দুই মার্কেটের অধিকাংশ দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল, নগদ অর্থ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে।
এদিকে আকস্মিক এ অগ্নিকাণ্ডে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর//
আরও পড়ুন










