ঢাকা, শুক্রবার   ০৫ জুন ২০২৬

গাইবান্ধায় ছাত্রকে বলাৎকারচেষ্টার অভিযোগ, গণপিটুনির পর পুলিশে সোপর্দ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০০, ৫ জুন ২০২৬ | আপডেট: ১৮:০২, ৫ জুন ২০২৬

Ekushey Television Ltd.

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় একটি কওমি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে বোনারপাড়ার জামিয়া কওমি দারুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযুক্ত রবিউল ইসলাম মাদ্রাসাটির শিক্ষক হিসেবে কর্মরত। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, সরকারি ছুটির দিনে মাদ্রাসায় লোকজন কম থাকার সুযোগে অভিযুক্ত শিক্ষক এক শিক্ষার্থীকে ফোন করে মাদ্রাসায় ডাকেন। পরে তাকে অফিস কক্ষে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দিয়ে বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম প্রায় এক মাস আগে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, “স্থানীয়রা একজন ব্যক্তিকে আটকে রেখেছিল। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার বিস্তারিত তদন্তের পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি