ঢাকা, শুক্রবার   ১৯ জুন ২০২৬

জনগণের রায়কে সম্মান না করলে হিমালয়ের মতো দাঁড়াবে মানুষ: জামায়াত আমীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১৯ জুন ২০২৬ | আপডেট: ১৬:০৫, ১৯ জুন ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন ও আত্মত্যাগের কারণেই ২০২৬ সালে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি দাবি করেন, জুলাইয়ের যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে জনগণ তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেছে।

শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ১১-দলীয় জোট বিজয়ী হতো। কিন্তু জনগণের সেই বিজয় ছিনতাই করে নেওয়া হয়েছে।”

তিনি বলেন, নির্বাচনে প্রায় ৬৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন এবং তাদের ভোটের যথাযথ মূল্যায়ন করা উচিত। জনগণের রায়কে সম্মান জানানো গণতন্ত্রের অন্যতম শর্ত উল্লেখ করে তিনি বলেন, “যারা গণরায় মানে না, তারা গণতন্ত্র রক্ষা করতে পারে না।”

তিনি আরও বলেন, “আমরা সংসদে আলোচনা করেছি, গণরায়ের চর্চা যাতে হারিয়ে না যায়। মানুষের রায়কে সম্মান করুন। মানুষের রায়কে সম্মান না করলে মানুষ আপনাদের সামনে হিমালয়ের মতো দাঁড়াবে।”

সরকারের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে অনেক ভুল করেছে। তিনি অভিযোগ করেন, একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই সিটি করপোরেশন, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে।”

জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মো. আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এ ছাড়া দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি