ঢাকা, শনিবার   ২০ জুন ২০২৬

রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী জাপানি ব্যবসায়ীরা

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ২০:০১, ২০ জুন ২০২৬

Ekushey Television Ltd.

রাজশাহী থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা। এ লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, তথ্যপ্রযুক্তি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

শনিবার রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করেন উভয়পক্ষ।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রচলিত আইন-বিধি অনুসরণ করে রাজশাহীর উন্নয়নে জাপানের সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় রাজশাহীর দক্ষ ও সম্ভাবনাময় জনশক্তির বিষয়ে বিশেষ আগ্রহ দেখান জাপানি প্রতিনিধিরা। তারা জানান, জাপানে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা ক্রমাগত বাড়ছে। এ কারণে রাজশাহী থেকে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি তারা ইতিবাচকভাবে বিবেচনা করছেন। পাশাপাশি রাজশাহী সিটির সঙ্গে জাপানের দুটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীর তরুণরা মেধাবী, পরিশ্রমী ও কর্মক্ষম। উপযুক্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আন্তর্জাতিক শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। জাপানি ব্যবসায়ীদের এই আগ্রহ রাজশাহীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

আলোচনায় রাজশাহীর কৃষিভিত্তিক অর্থনীতির বিষয়টিও গুরুত্ব পায়। রাসিক প্রশাসক বলেন, রাজশাহী দেশের অন্যতম আম উৎপাদনকারী অঞ্চল। এখানকার আম দেশজুড়ে সমাদৃত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্যাপক চাহিদা রয়েছে। আধুনিক হিমাগার স্থাপন করা গেলে দীর্ঘ সময় আম সংরক্ষণ সম্ভব হবে, যা কৃষক, আমচাষি ও ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনবে এবং রপ্তানি সম্প্রসারণে সহায়ক হবে।

সাক্ষাৎ শেষে জাপানি প্রতিনিধি দলকে নগর ভবনের কল সেন্টার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করানো হয়।

প্রতিনিধি দলে ছিলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, সান-সান গ্লোবাল এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা হিদেকি সাকাকিবারা, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি