ঢাকা, রবিবার   ২১ জুন ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২১ জুন ২০২৬

Ekushey Television Ltd.

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবক নিহত হয়েছেন। 

রোববার (২১ জুন) কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভারতেরও একজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল আহমদ, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন এবং পার্শ্ববর্তী দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির। তারা সকলেই একসাথে কাজ করতেন বলে জানা গেছে।

জানা যায়, প্রতিদিনের মতো রোববারও বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে কাজের উদ্দেশে কাতারের দোহা থেকে একটি প্রাইভেট গাড়িযোগে আল-শাহানিয়া শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে আল শাহানিয়া শহরের সামাল এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়ক থেকে দুমড়ে-মুচড়ে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই গাড়ির চালকসহ ছয়জন নিহত হন। তবে গাড়িরচালক ভারতীয় হওয়ায় তার-পরিচয় জানা যায়নি।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল  ইসলাম বলেন, ‘আমরা জেনেছি কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় ৫ জন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি। ওইখানে সকল পক্রিয়া শেষে লাশ দেশে আসামাত্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কবে লাশ দেশে ফিরতে পারে।’

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি