পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী
প্রকাশিত : ১৪:৩১, ২৮ জুন ২০২৬
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর চরে আটকা পড়া একটি লঞ্চে থাকা ৮৫ জন যাত্রীকে নৌ পুলিশের সহায়তায় নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।
শনিবার (২৭ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উদ্ধারকৃত সকল যাত্রীকে নিরাপদে পাটুরিয়া লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর কুশিহাটা এলাকায় একটি চরে লঞ্চটি আটকা পড়ে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর খবর পেয়ে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেন।
পরে ট্রলার এবং নৌ পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় আটকা পড়া যাত্রীদের চর থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া নামের আরেকটি লঞ্চে স্থানান্তর করা হয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে নৌ পুলিশের তত্ত্বাবধানে সকল যাত্রীকে নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছে দেওয়া হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, "জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে লঞ্চটি চরে আটকে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ট্রলার ও স্পিডবোটের সহায়তায় সবাইকে নিরাপদে অন্য একটি লঞ্চে স্থানান্তর করা হয়। পুরো অভিযানে ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কেউ আহত হননি।"
এএইচ
আরও পড়ুন










