ঢাকা, শুক্রবার   ০৩ জুলাই ২০২৬

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৯, ৩ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

নড়াইলের সদর উপজেলায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ভদ্রবিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী সদর উপজেলার মহাকাল গ্রামের আকমল কাজীর ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ জুন ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের শিশুদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার (২ জুলাই) আবারও দুই পক্ষের শিশুদের মধ্যে বিরোধ দেখা দেয়। সে সময় মোস্তফা কাজীসহ কয়েকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

শুক্রবার বিকেলে ভদ্রবিলা হাট থেকে বাজার করে বাড়িতে রেখে তিনি আবার হাটে যাওয়ার পথে পূর্ব থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভদ্রবিলা গ্রামের কয়েকজন এ ঘটনায় জড়িত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি