প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা, ব্যবসায়ী নিহত
প্রকাশিত : ২১:০৩, ১৮ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মীর সাইফুল ইসলাম সাদ (২৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি এই ঘটনা ঘটে।
নিহত সাইফুল জেলার সরাইল উপজেলা সদরের চাঁনমনি পাড়ার মৃত মীর হেলাল মিয়ার ছেলে। তিনি সরাইল বিকেল বাজারের সাইফুল গ্যালারি নামে কাপড় ব্যবসায়ী ছিলেন।
এই ঘটনায় প্রাইভেটকার চালক মোঃ তানিম আহম্মেদ আহত হন। সে একই উপজেলার বগলাহাটি এলাকার সাইদুল হকের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, সাইফুল প্রাইভেটকার নিয়ে বিজয়নগর থেকে নিজ বাড়ি সরাইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মুকুন্দপুর একটি লেভেল ক্রসিং পাড় হতে গিয়ে প্রাইভেটকারটি রেললাইনে আটকে যায়। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পাহারিকা এক্সপ্রেস চট্রগ্রাম যাওয়ার পথে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে সাইফুল ও চালক তানিম গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাইফুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লেভেল ক্রসিংটিতে কোন গেটম্যান নেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এক ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
আরও পড়ুন










