ভারতে পাচারের সময় ১৩ কোটি টাকার স্বর্ণসহ আটক পাচারকারী
প্রকাশিত : ২১:২৭, ১ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:২৯, ১ আগস্ট ২০২৬
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণসহ রবিউল ইসলাম (৩৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (১ আগস্ট) বিকেল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।
আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে চ্যালেঞ্জ করে আটক করেন বিজিবি সদস্যরা।
পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন।
আটক ব্যক্তিকে জব্দকৃত মোটরসাইকেলসহ দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এএইচ
আরও পড়ুন










