ঢাকা, মঙ্গলবার   ০৪ আগস্ট ২০২৬

যুবদল নেতার কব্জি কেটে দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ৩ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল কাটাকে কেন্দ্র করে হাসান রমন (৪৫) নামে ইউনিয়ন যুবদল নেতার বাম হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ  স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের এক সদস্যের বিরূদ্ধে।

 আহত ওই নেতা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আজ সোমবার অভিযুক্ত প্রধান আসামি মিজানুরসহ ২ জনকে গ্রেফতার করেছে।

আহত হাসান রমন (৪২) উপজেলার জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

অভিযুক্তরা হলেন একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগম। 

অভিযোগে জানা গেছে, মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী। তাদের মধ্যে সাথে জমি নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। 

গতকাল রোববার বিকেলে হাসান রমন ও তার লোকজন জমিতে আইল কাটতে গেলে মিজানুরের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে এক পর্যায়ে যুবদল নেতার বাম হাতে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারে মিজানুর রহমান। এতে তাঁর বাম হাতের কব্জি অর্ধেক নেমে যায়। পরে তাঁকে উদ্ধার করতে গেলে তাঁর মা বিউটি বেগমকে এলোপাতাড়িভাবে কোপানো হয়। 

মা-ছেলে দু'জনেই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আহত হাসান রমনের বাবা এবং মামলার বাদী দুদু মিয়া বলেন, “আমার ছেলে হাসানের সাথে জমির আইল কাটা নিয়ে ঝগড়া হয়। এরপর তার উপর মিজানুর এবং তার স্ত্রী আমেনা ধারালু হাসুয়া দিয়ে তাকে আঘাত করে। খবর পেয়ে আমার স্ত্রী বিউটি বেগম ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাতাড়িভাবে ধারালো হাসুয়া দিয়ে জখম করেছে। আমি এই হামলার  বিচার চাই।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, “অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।”

অভিযুক্ত মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, “আমার জমির বড় আইল হাসান কেটে ফেলেছে। এই নিয়ে তাদের সাথে তর্কাতর্কি হয়। এরপর তারা ছয় সাতজন মিলে আমার বাড়িতে হামলা করে। আমার হাতে ঘাস কাটা হাসুয়া ছিলো। সেটি দিয়ে ধস্তাধস্তির সময় হাসানের হাতের কব্জি কেটে যায়।”

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, “এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি