ঢাকা, রবিবার   ০৯ আগস্ট ২০২৬

কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৪, ৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশী নিহত হয়েছেন। 

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, আজ রোববার ভোররাত তিনটা ৪৫ মিনিটে ভারতের অভ্যন্তরে মাগুরুলি নামক স্থানে এ ঘটনাটি ঘটে। স্থানটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বিপরীতে। 

নিহত বাংলাদেশি মো. তারা মিয়ার বয়স ২০ বছর। বিজিবি জানায়, কুলাউড়া উপজেলার মুড়াইছড়া বস্তি গ্রামের আব্দুল মালেকের ছেলে তারা মিয়া। 

ভারতের অভ্যন্তরে চার/পাঁচজন চোরাকারবারী প্রবেশ করার পর বিএসএফ গুলি চালায়, এতে তারা মিয়া গুলিবিদ্ধ হলেও বাকিরা পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে। 

বিজিবি জানায়, নিহত তারা মিয়ার বিরুদ্ধে এর আগেও চোরাকারবারি অভিযোগে মামলা রয়েছে। 

৪৬ বিজিবির অধিনায়ক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই এ বিষয়ে ভারতীয় বিএসএফের কমান্ডারদের সাথে কথা হয়েছে। এসময় এর ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। পক্ষান্তরে বিএসএফ তাকে জানিয়েছে কয়েকজন চোরাকারবারি বিএসএফের দিকে তেড়ে আসছিল। বাধ্য হয়ে তারা গুলি করে।

তিনি আরও জানান, ভারতেই তার পোস্টমর্টেমসহ অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করে ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের কাছে তার লাশ  হস্তান্তর করবে। তারা এ কাজগুলো এখন চালিয়ে যাচ্ছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি