ঢাকা, বুধবার   ১২ আগস্ট ২০২৬

বন্যা মোকাবিলায় কিশোরগঞ্জে রেড ক্রিসেন্টের সরঞ্জাম হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৪২, ১২ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে দেশের বিভিন্ন এলাকায় বন্যার ঝুঁকি বাড়ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জরুরি উদ্ধার কার্যক্রম জোরদার করতে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটকে প্রয়োজনীয় ওয়াটার রেসকিউ সরঞ্জাম দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। চায়না সরকারের কাছ থেকে পাওয়া জরুরি উদ্ধার সামগ্রী কিশোরগঞ্জের জেলা প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খানের হাতে তুলে দেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম।

জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে কিশোরগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বাড়াতেই এসব সরঞ্জাম দেওয়া হয়েছে। হস্তান্তর করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি রাবার বোট ও ইঞ্জিন, ১০টি লাইফ ভেস্ট, ২০টি রেড ক্রিসেন্ট ভেস্ট, দুটি রেসকিউ রোপ, দুটি রেসকিউ রোপ ব্যাগ এবং পাঁচ জোড়া গ্লাভস।

বন্যার সময় পানিবন্দি মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং উদ্ধারকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম ও ম্যানেজিং বোর্ড মেম্বার ডা. মো. সারোয়ার আলম। এছাড়া সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসিসহ দুর্যোগ মোকাবিলা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দুর্যোগপ্রবণ এলাকায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও দ্রুত সাড়াদানের সক্ষমতা বাড়াতে তারা কাজ করছে। বিশেষ করে বন্যার মতো দুর্যোগে ঝুঁকিপূর্ণ মানুষের কাছে দ্রুত উদ্ধার কার্যক্রম ও মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি