ঢাকা, বৃহস্পতিবার   ১৩ আগস্ট ২০২৬

কক্সবাজারে বাস-জিপ সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৮, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫০, ১৩ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেগুন বাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসীম উদ্দিন (২৫), খুটাখালীর ফুলছড়িস্থ শিয়া পাড়ার মৃত মনজুর আলমের ছেলে মোহাম্মদ শাহেদ (২৭), খুটাখালীর নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫) ও পার্শ্ববর্তী ঈদগাঁও উপজেলার পশ্চিম গজারিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮)।

আহতরা হলেন- খুটাখালী নতুন অফিস মাদরাসা পাড়ার আবদুল সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), খুটাখালীর মেদাকচ্ছপিয়া গ্রামের বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০) ও তার ছেলে মোহাম্মদ সরোয়ার (১৯) ও কক্সবাজারের টেকনাফ উপজেলার কিরণতলী গ্রামের রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো। অন্যদিকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছি একটি জিপ। খুটাখালীর নয়াপাড়া এলাকায় পৌঁছানোর পর বাসের ধাক্কায় চিপটি দুমড়েমুচড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) শামসুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লাল সবুজ পরিবহনের একটি বাস ও জিপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয়। 

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এএইচ

 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি