টাকা দিয়ে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফ্যাসিবাদের লোকজন: রিজভী
প্রকাশিত : ১৪:৩২, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩৪, ১৬ আগস্ট ২০২৬
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের লোকজন এখনও অনেক আছে, তারা বিপুল অংকের টাকা ছড়িয়ে সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
রোববার সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে যেন পুনরায় ফ্যাসিবাদের আগমন না ঘটে।
তিনি ফ্যাসিবাদের লোকজন এখনও অনেক আছে,তারা বিপুল টাকা দিয়ে তারা সোশ্যাল মিডিয়া প্রচণ্ডভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে বলতে চাই, এভাবে পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয় না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ আলী জিন্নাহ ও প্রফেসর লুৎফর রহমান।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন










