ঢাকা, শনিবার   ২৯ আগস্ট ২০২৬

মধ্যরাতে মোটরসাইকেলে তরুণীর নিথর দেহ, রহস্য উদঘাটনে পুলিশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৯, ২৯ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

আব্দুল্লাহপুর-টঙ্গী মহাসড়কে মধ্যরাতে মোটরসাইকেলে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার রহস্যময় ঘটনা উদঘাটনে তদন্ত শুরু করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ।

শনিবার সকালে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-কমিশনার এসএম শফিকুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

তিনি জানান, তারা আমাদের অঞ্চলের উপর দিয়ে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। খবর পাওয়ার পর অনুসন্ধান করা হচ্ছে। আমরা যে মোটরসাইকেলের নাম্বার পেয়েছি সেটার সূত্র ধরে কাজ শুরু করেছি। তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাদের ডাকা হয়েছে, তারা সম্ভবত আজকে আসবে। তাদের মধ্যে একজন রেসপন্সে করেছে যে তারা ছিল সেটা। 
পুলিশ কর্মকর্তা আরও বলেন, তারা জানিয়েছেন যে একজন মহিলা বারে গিয়ে মদ পান করে মাতাল হয়ে গিয়েছিল। এখানে অন্য ধরনের কোন ঘটনা নেই। তারা থানায় আসলে বিস্তারিত জেনে নিশ্চিত হতে পারবো যে এখানে বড় ধরনের কোন ক্রাইম ছিল না। 

তারা টঙ্গীর বাসায় না গিয়ে পরে তারা ঢাকার মোহাম্মদপুর এলাকায় যান। তারা থানায় আসলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এর আগে বুধবার দিবাগত গভীর রাতে বাইকের তিন আরোহীকে ঢাকার রাস্তায় দেখা যায়। ওমরাহ সফর শেষ করে এয়ারপোর্ট থেকে বগুড়ায় ফেরার পথে এক ব্যক্তি আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত একটি মোটরসাইকেলকে অনুসরণ করেন। 

তিনি দেখতে পান, মোটরসাইকেল চালকের পেছনে বসা এক যুবক এক তরুণীকে জাপটে ধরে রেখেছেন। তরুণীটির পা দুটি খালি ছিল এবং অস্বাভাবিকভাবে নিথর হয়ে ঝুলছিল। এতে মেয়েটি মৃত নাকি অচেতন ছিলেন, তা নিয়ে তার মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়।

সন্দেহজনক এই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শী মোটরসাইকেলের নম্বর প্লেটসহ স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশ সিসিটিভি’র ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল আরোহীদের শনাক্তের চেষ্টা চালায়। রেজিস্ট্রেশনের অসংগতি ও মোবাইল নম্বর বন্ধ থাকায় ঘটনার রহস্য আরও ঘনীভূত হচ্ছিল। 

অবশেষে তাদের পরিচয় শনাক্তসহ যাবতীয় তথ্য সংগ্রহে কাজ শুরু করে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি