ঢাকা, মঙ্গলবার   ০১ সেপ্টেম্বর ২০২৬

কুষ্টিয়ায় থানার হাজতখানায় আসামির আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৯, ৩১ আগস্ট ২০২৬

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার কুমারখালী থানা হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ইকবাল শেখ গারো (৪০) নামের এক আসামি। তবে পাশে থাকা আরেক আসামির চিৎকারে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। থানার সিসিটিভি ফুটেজেও ঘটনার প্রমাণ মিলেছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ইকবাল শেখ উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার ইসলাম শেখের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

পুলিশ জানায়, সোমবার ভোরে জিলাপীতলা এলাকা থেকে ছয়টি মুরগি চুরি করে পালানোর সময় ইকবালকে আটক করা হয়। পরে তাকে থানার হাজতখানায় রাখা হয়।

সেখানে সকাল সাড়ে ৬টার দিকে তিনি নিজের পরনের লুঙ্গি ছিঁড়ে দেওয়ালে থাকা লোহার গ্রিলের সঙ্গে বেঁধে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন।

এ সময় হাজতে থাকা আরেক আসামি বিষয়টি দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা দ্রুত হাজতখানায় ছুটে গিয়ে ইকবালকে উদ্ধার করেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাজতখানায় একজন আসামি ঘুমিয়ে ছিলেন।

ইকবাল প্রথমে নিজের লুঙ্গি ছিঁড়ে গ্রিলের সঙ্গে বাঁধেন। এরপর গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন। প্রথমবার ব্যর্থ হওয়ার পর আবারও ফাঁস নেওয়ার চেষ্টা করেন। তখন ঘুমিয়ে থাকা অপর আসামি জেগে উঠে চিৎকার করেন। পরে পুলিশ সদস্যরা এসে তাকে উদ্ধার করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে ইকবাল আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি