ঢাকা, শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬

পদ্মায় প্রতিদিনই বাড়ছে পানি, প্লাবিত হচ্ছে ফসলি জমি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫০, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৪, ১২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। জেলার চারটি গেজ স্টেশন পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে পদ্মার দৌলতদিয়া ও পাংশার সেনগ্রাম গেজ স্টেশন পয়েন্টে পানি সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে।

পানি বৃদ্ধির ফলে জেলার পাঁচ উপজেলার ১৬টি ইউনিয়নের পদ্মা-সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হচ্ছে। এতে ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি জনসাধারণের দুর্ভোগও বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দৌলতদিয়া পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭ দশমিক ৬৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপদসীমা থেকে পানি ৫১ সেন্টিমিটার নিচে রয়েছে। 

অন্যদিকে পাংশার সেনগ্রাম পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৮ সেন্টিমিটার পানি বেড়ে ১০ দশমিক ১৭ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

দৌলতদিয়া পয়েন্টে আরও ৫১ সেন্টিমিটার এবং সেনগ্রাম পয়েন্টে ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলে নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে।

এ ছাড়া গড়াই নদীর কামারখালী পয়েন্টেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে এ পয়েন্টে বিপদসীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আরও ২০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলে এ পয়েন্টেও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

পদ্মা ও গড়াই নদীর পানি বাড়তে থাকায় বিভিন্ন এলাকার ফসলি জমি প্লাবিত হচ্ছে। বিশেষ করে রোপা আমন ধানের জমিতে পানি ঢুকে পড়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আখসহ অন্যান্য ফসলও ক্ষতির মুখে পড়েছে।

এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা-সংলগ্ন নিচু এলাকার মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রায় দুর্ভোগ দেখা দিয়েছে। পানি আরও বাড়তে থাকলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, তারা সার্বিক বিষয়ে নজর রাখছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি