ঢাকা, শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬

ধামরাইয়ে অটোরিকশা সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছরের এক শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ সীমান্তবর্তী ধামরাই উপজেলার পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক জুয়েল (৪০), যাত্রী জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫)। তাঁদের সবার বাড়ি টাঙ্গাইল জেলায়।

দুর্ঘটনায় আহত লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫) বর্তমানে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় যাত্রীবোঝাই অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশাচালক জুয়েলের মৃত্যু হয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত আঁখি আক্তারের বাবা এবং আহত আবুল হোসেন জানান, অটোরিকশাটিতে চালকসহ মোট সাতজন ছিলেন। দুর্ঘটনায় তিনজন মারা গেলেও সাদিয়া নামের ছয় বছর বয়সী একটি শিশু অক্ষত রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সাটুরিয়া থানা-পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি