নিখোঁজ মানুষের সন্ধানে ওয়ালটন ও মুন অ্যালার্টের নতুন উদ্যোগ
প্রকাশিত : ১৭:০১, ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ বা নিখোঁজ হয়ে যাওয়া মানুষকে দ্রুত খুঁজে পেতে এবার যৌথভাবে কাজ করবে ওয়ালটন প্লাজা ও জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’। এ লক্ষ্যে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ নামে নতুন একটি উদ্যোগ চালু করেছে প্রতিষ্ঠান দুটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ওয়ালটন করপোরেট কার্যালয়ে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এবং মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠান জিরো মিসিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদাত রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই উদ্যোগের আওতায় সারা দেশের ৭০০টির বেশি ওয়ালটন প্লাজার টেলিভিশন স্ক্রিনে যাচাই করা নিখোঁজ ব্যক্তিদের ছবি ও প্রয়োজনীয় তথ্য নিয়মিত প্রচার করা হবে। এর মাধ্যমে নিখোঁজ ব্যক্তিদের তথ্য আরও বেশি মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় অনুষ্ঠানে ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ক্রিয়েটিভ পার্টনার পিপি-ডাইভের চিফ এক্সিকিউটিভ অফিসার মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রায়হান বলেন, ওয়ালটন প্লাজা শুধু পণ্য বিক্রি ও সেবা দেওয়ার মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি; সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগেও প্রতিষ্ঠানটি অংশ নিচ্ছে। সেই দায়বদ্ধতা থেকেই নিখোঁজ মানুষের তথ্য দ্রুত ও ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে মুন অ্যালার্টের সঙ্গে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ নিকটস্থ ওয়ালটন প্লাজায় গিয়ে সর্বশেষ নিখোঁজ ব্যক্তিদের তথ্য দেখতে পারবেন। প্রয়োজন হলে মুন অ্যালার্টের হেল্পলাইন ১৩২১৯ ও ওয়েব পোর্টালের মাধ্যমে নিখোঁজ ব্যক্তির বিষয়ে রিপোর্ট করা এবং আগের রিপোর্টের তথ্য অনুসরণ করা যাবে।
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, দেশজুড়ে ওয়ালটন প্লাজাগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এসব প্লাজার নেটওয়ার্ক ও টেলিভিশন স্ক্রিন নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে কাজে লাগানো সামাজিক দায়বদ্ধতার অংশ। তাঁর আশা, উদ্যোগটি নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে কার্যকর ভূমিকা রাখবে এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে সহায়ক হবে।
মুন অ্যালার্টের প্রতিষ্ঠাতা সাদাত রহমান বলেন, যাচাই করা তথ্য যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। ওয়ালটন প্লাজার দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্ক এমন অনেক জায়গায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য পৌঁছে দিতে সহায়তা করবে, যেখানে মুন অ্যালার্টের পক্ষে এককভাবে পৌঁছানো কঠিন। মানবিক এ উদ্যোগে ওয়ালটন প্লাজাকে পাশে পেয়ে তাঁরা আনন্দিত।
এমএইচ
আরও পড়ুন










