ঢাকা, মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৩ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পবিত্র ঈদুল ফিতর-২০২৬-এর উৎসব ভাতার অর্থ ইএফটিতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৪ মার্চের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে এই ভাতার বিল দাখিল (সাবমিট) করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠান প্রধানরা তাদের নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের ‘এমপিওইএফটি’ মডিউলে লগ-ইন করে এই বিল সাবমিট করবেন। প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য অর্থ সঠিকভাবে নির্ধারণ করে এই বিল দাখিল করতে বলা হয়েছে।

মাউশি জানিয়েছে, প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই অর্থ প্রেরণের ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন, পদত্যাগ করেন কিংবা সাময়িক বরখাস্ত বা অনুপস্থিত থাকেন, তবে বিল সাবমিট অপশনে তা উল্লেখ করে প্রাপ্যতা নির্ধারণ করতে হবে। ভুল তথ্যের কারণে কোনো জটিলতা তৈরি হলে বা অতিরিক্ত অর্থ প্রেরিত হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে শুধুমাত্র আইবাস++ পদ্ধতিতে যাচাইকৃত জনবলের তথ্য বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্যে এখনো ভুল রয়েছে, তাদের সঠিক তথ্য প্রাপ্তি এবং যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিট অপশনে যুক্ত করা হবে।

নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিল সাবমিট সম্পন্ন করার জন্য দেশের সকল স্কুল ও কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের অনুরোধ জানানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি