মাভাবিপ্রবির প্রক্টরের পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয়ে তালা
প্রকাশিত : ২০:০৩, ৬ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্য দপ্তরে এই তালা দেওয়া হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, আওয়ামী পন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসন পরিকল্পিতভাবে ‘সেইফ এক্সিট’ নিশ্চিত করেছে। ৫ আগস্টের আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর শাকিল মাহমুদ শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযুক্তদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে, যার সঙ্গে প্রক্টরের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, পূর্বে একাধিকবার অভিযোগ দাখিলের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তা গ্রহণে গড়িমসি করা হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনকে অপসারণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হওয়ায় তারা উপাচার্য অফিসে তালা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম এ বিষয়ে বলেন, “আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তবে তাকে অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।”
এদিকে ব্যক্তিগত কারণে চার দিনের ছুটি নিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন। উপাচার্য কার্যালয়ের সামনে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদস্য সচিবসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










