ঢাকা, রবিবার   ১২ এপ্রিল ২০২৬

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে অনুদান দিল আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৪৬, ১২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানী ঢাকার ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের স্কুল শিক্ষার্থীদের মাঝে পোশাক, জুতা ও আর্থিক অনুদান প্রদান করেছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।

শনিবার (১১ এপ্রিল) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিনিধি এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের উপ-মহাব্যবস্থাপক এবং এলডিসি গ্রুপের অধীন লিজিয়া ইন্টারন্যাশনাল কনস্ট্রাকশন অ্যান্ড ইনস্টলেশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক চাং ছিংবিন।

এ সময় এলডিসি গ্রুপের পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি বুদ্ধপ্রিয় মহাথেরের হাতে ৮১২ সেট স্কুল পোশাক ও ৭৬৮ জোড়া জুতা হস্তান্তর করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের জন্য ৮০০টি দন্ত সুরক্ষা সামগ্রী প্রদান করেন লাকিডার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইয়িন পিংছিং। নগদ এক লাখ টাকা প্রদান করেন সানওয়াং কালার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তুয়ান বেনসি এবং বাংচায়নালিংক কনসালটেন্সির চেয়ারম্যান ওয়াং ইয়েতোং।

অনুদান পেয়ে বুদ্ধপ্রিয় মহাথেরসহ ধর্মরাজিক স্কুল ও কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রয়াত শুদ্ধানন্দ মহাথেরের উদ্যোগে ১৯৬০ সালে ধর্মরাজিক বৌদ্ধ বিহারের যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে এটি একটি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে রূপ নেয়, যা সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য উন্মুক্ত।

বর্তমানে ধর্মরাজিক স্কুল ও কলেজে এক হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীরা এ ধরনের সহযোগিতাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

উল্লেখ্য, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০২৪ সালে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার প্রতিষ্ঠিত হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি