ঢাবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার বিভাগের শিক্ষক
প্রকাশিত : ০৮:৫৩, ২৭ এপ্রিল ২০২৬
রাজধানীর বাড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছিল। তিনি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।
ওসি বলেন, “বিকালে ছাত্রীর বাবার করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।”
এর আগে পুলিশ হেফাজতে ছিলেন ওই শিক্ষক ও নিহতের এক সহপাঠী। তবে পরিবারের পক্ষ থেকে সহপাঠীর বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় বলেও জানান তিনি ।
এর আগে রোববার সকালে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। জানা যায়, মৃত্যুর আগে ডায়েরি ও হোয়াটসঅ্যাপে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন ওই শিক্ষার্থী। সেখানে তার সহপাঠী হানিকে উদ্দেশ্য করে লেখা ছিল— “তুই আর সুদীপ স্যার ভালো থাকিস।”
মিমোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক। এক শোকবার্তায় তিনি বলেন, ‘এমন মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। বিভাগের সবাই শোকে আচ্ছন্ন। আমরা চাই, সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এ ঘটনার ন্যায়বিচার হোক।’
এএইচ
আরও পড়ুন










