ঢাকা, রবিবার   ০৩ মে ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১২৭ সদস্যের কমিটি ঘোষণা

ববি প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫১, ৩ মে ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ১২৭ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে মোঃ মোশাররফ হোসেনকে সভাপতি এবং মোঃ আরিফ হোসাইন শান্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ১ মে ২০২৬ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক পত্রে এই ঘোষণা করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৬ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইতিহাসে প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে সভাপতি পদে মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক পদে মোঃ আরিফ হোসাইন শান্ত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ মিজানুর রহমান নির্বাচিত হন। 

ঘোষিত নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আশিককে মনোনীত করা হয়েছে। এছাড়া ২৭ জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইত্তেসাফ-আর-রাফি, ৩৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৬ জন সহ-সাধারণ সম্পাদক রাখা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিজানুর রহমান এবং তার সঙ্গে ১৬ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এছাড়া দপ্তর, প্রচার, সাহিত্য, আইন, তথ্য ও গবেষণা, নারী ক্ষমতায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে মোট ৪০ জন সম্পাদক ও সহ-সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে প্লাবন বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক এবং রিফাত আহমেদ পিয়াস দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

প্রচার সম্পাদক হিসেবে মোঃ ফয়সাল রহমান তামিম, আইন সম্পাদক হিসেবে মোঃ জাহিদুল ইসলাম এবং তথ্য ও গবেষণা সম্পাদক সাইমুন ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক হিসেবে অঙ্কনকে মনোনীত করা হয়েছে। নারী ক্ষমতায়ন ও ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে মহিমা জাহান মুনা এবং ক্রীড়া সম্পাদক হিসেবে হাসান মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জানিয়েছে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি