ঢাকা, মঙ্গলবার   ১৮ আগস্ট ২০২৬

এবার জগন্নাথ হলে রক্তাক্ত হলেন ঢাবি শিক্ষার্থী

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৩৭, ২০ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৯:১০, ২০ অক্টোবর ২০১৯

আহত ঢাবি ছাত্র নিলয় কুমার বিশ্বাস

আহত ঢাবি ছাত্র নিলয় কুমার বিশ্বাস

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নিলয় কুমার বিশ্বাস নামের এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করেছে একই হলের অপর দুই শিক্ষার্থী। এতে নিলয়ের চোখ ও নাক আঘাতগ্রস্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। আজ রোববার (২০ অক্টোবর) দুপুরে জগন্নাথ হলের সন্তোষ ভট্টাচার্য ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে সে ঢামেক হাসপাতালের চক্ষু বিভাগে চিকিৎসাধীন। 

জানা যায়, নিয়ম ভঙ্গ করে সৌরভ বিশ্বাস নামের জগন্নাথ হলের এক ছাত্র তার জোবাইক সাইকেলটি রাখতে রুমে নিয়ে যেতে দেখে নিলয় তাঁতে বাধা দেয়। এতে দুজনের মাঝে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই হলের আরেক শিক্ষার্থী সুস্ময় দাস এসে নিলয়কে বেধড়ক মারধর করে। এতে নিলয়ের নাক-মুখ রক্তাক্ত হয়।

পরে নিলয়ের বন্ধুরা প্রক্টরিয়াল টিমের সাহায্যে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলয়ের চোখে মারাত্মক আঘাত দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

নিলয় কুমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের ছাত্র। তিনি জগন্নাথ হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবনের ৭০১৭ নং রুমে থাকেন।

অন্যদিকে অভিযুক্ত সুস্ময় দাস বিশ্বিবদ্যালয়ের একাউন্টিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী এবং হল ছাত্রলীগের একজন নেতা বলে জানা গেছে।

আরেক অভিযুক্ত সৌরভ বিশ্বাস বিশ্ববদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসকে ফোন করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, মারধরের বিষয়ে জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক মিহির লাল সাহা বলেন, আমি বিষয়টি দেখছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, আমরা বিষয়টি অবগত আছি। আমাদের প্রক্টরিয়াল টিম তাকে মেডিকেলে নিয়ে গেছে। তার মেডিকেল সাপোর্ট প্রয়োজন। এ বিষয়ে আমি জগন্নাথ হলের প্রভোস্টকে জানিয়েছি। তিনি যথাযথ ব্যবস্থা নিবেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি