ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

কাশ্মীরে গুলিতে বাবা ও ভাইসহ বিজেপি নেতা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৬, ৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

জম্মু ও কাশ্মীরে গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার জঙ্গি দমন অভিযান চালানোর পরেও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। বুধবার রাতে বান্দিপোরা জেলার বিজেপি সভাপতি শেখ ওয়াসিম, তার বাবা এবং ভাইকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। খবর এনডিটিভি’র। 

জম্মু-কাশ্মীরের পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে স্থানীয় থানার কাছে একটি দোকানের বাইরে ঐ বিজেপি নেতা ও তার পরিবারের উপর হামলা চালানো হয়। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তারা। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত বান্দিপোরা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে বিজেপি নেতা ওয়াসিম, তাঁর বাবা এবং ভাইকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় রীতি মতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

বুধবার গভীর রাতেই টেলিফোনে ঐ সন্ত্রাসের সম্বন্ধে বিস্তারিত খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, ‘টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াসিম বারিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে খোঁজখবর নেন। তিনি ওয়াসিমের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন।’

জম্বু ও কাশ্মীারের পুলিশ এক টুইটে জানায়, জঙ্গিরা বান্দিপোরায় বিজেপি কর্মী ওয়াসিম বারির উপর গুলি চালায়। নির্বিচারে গুলি চালানোর সময় ওয়াসিম বারির পাশাপাশি সেই গুলি গিয়ে লাগে তার বাবা বশির আহমদ ও ভাই উমর বশিরের গায়েও। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনজনই সেখানে মারা যান।

তবে গোটা ঘটনাটি নিরাপত্তাজনিত গাফিলতির কারণেই এই হামলার সুযোগ পেয়েছে জঙ্গিরা, এমনটাই মনে করা হচ্ছে। কারণ বিজেপি নেতার নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ জন নিরাপত্তাকর্মীই সেসময় অনুপস্থিত ছিলেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের গ্রেফতার করেছে পুলিশ। এই জঙ্গিহামলায় শোরগোল পড়েছে বিজেপির অভ্যন্তরেও। নিহত নেতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি