ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে ১৬০ জনেরও বেশি আহত
প্রকাশিত : ২০:০৭, ২২ মার্চ ২০২৬
ইসরায়েলে পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দুটি শহরে হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় অন্তত ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার রাতে আরাদ ও দিমোনা শহরে হামলা চালায় ইরান।
জানা গেছে, ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনায় আরাদে ৮৪ জন এবং দিমোনায় আরও ৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা - আইএইএ জানিয়েছে, এই হামলায় দিমোনার প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী-না সে বিষয়ে তারা অবগত নন।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, শনিবার ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের আরাদ শহরে শনিবার রাতে এক হামলায় দুটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভবনের বাইরের দেয়াল অনেক জায়গায় ধ্বংস হয়ে গেছে।
নেগেভ মরুভূমির এই শহরটি রক্ষণশীল ইহুদি অধ্যুষিত এলাকা। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশেপাশে ভিড় করছেন স্থানীয়রা।
ইসরায়েলের অভ্যন্তরে ইরানের এখনো এ ধরনের ক্ষতিসাধন করার ক্ষমতা এই যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির মূল্য সম্পর্কেই ঈঙ্গিত দেয়।
ক্ষেপণাস্ত্রগুলো কীভাবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করল, সে ব্যাপারে নিশ্চিত হতে জরুরি তদন্ত চলছে। কিন্তু, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে অভ্রান্ত নয়, তা ইসরায়েলিদের অজানা নয়।
গত বছরের ১২ দিনের যুদ্ধেও বিষয়টি টের পেয়েছিল তারা।
এএইচ
আরও পড়ুন










