ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি এখন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত: ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ১৭ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা করেছেন, হরমুজ প্রণালী এখন থেকে বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।

শুক্রবার (১৭ এপ্রিল) এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো।’ তবে তিনি জানান, জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত ‘সমন্বিত রুট’ ব্যবহার করে চলাচল করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশের বেশি কমে যায়।

এর আগে ইসরায়েল ও লেবানন বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা থেকে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

এদিকে গত ৭ এপ্রিল ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে রাজি হয় ইরান। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেন, লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত রাখার অনুমতি দিয়ে ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

চুক্তির শর্তাবলি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ চলতে থাকায় দুই দেশের যুদ্ধবিরতির সময়ও হরমুজ প্রণালি প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। বর্তমানে প্রতিদিন মাত্র কয়েকটি বাণিজ্যিক জাহাজ ওই জলপথ দিয়ে চলাচল করছে।

সূত্র: সিএনবিসি

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি