ঢাকা, সোমবার   ১১ মে ২০২৬

মোদির সভাস্থলের পাশ থেকে বিস্ফোরক উদ্ধার, আটক ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১০ মে ২০২৬

Ekushey Television Ltd.

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত বেঙ্গালুরু সফরের ঠিক আগেই অনুষ্ঠানস্থলের কাছাকাছি এলাকা থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

বেঙ্গালুরুর কাগালিপুরার নিকটবর্তী একটি আশ্রমের কাছে বিস্ফোরকগুলো পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

রোববার (১০ মে) বেঙ্গালুরুতে একাধিক কর্মসূচি রয়েছে মোদির। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মোদি যে পথে কোনো অনুষ্ঠানস্থলে পৌঁছান, সেই পথ আগেই পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। রোববার সকালে নিয়মিত পরীক্ষার সময় ফুটপাতের পাশ থেকে দু’টি জিলেটিন স্টিক পাওয়া যায়।

পুলিশ আরো জানায়, এ ঘটনায় এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পাশাপাশি ওই এলাকা-সহ সভাস্থলের নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়েছে কয়েক গুণ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড এবং ফরেনসিক দল।

পুলিশের দাবি, সন্দেহভাজন ওই ব্যক্তি রোববার ভোরে স্থানীয় থানায় ফোন করেছিলেন। সেখানে এইচএএল এবং আর্ট অফ লিভিং সেন্টারে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেন। যার জেরেই ব্যাপক পরিসরে শুরু হয়েছিল তল্লাশি। ঘটনার পরই অভিযুক্তকে কোরামাঙ্গালায় তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ঘটনায় ডেপুটি পুলিশ কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে, আমরা গোটা ঘটনার তদন্ত করছি। বিস্ফোরকগুলো কিভাবে ঘটনাস্থলে পৌঁছালো, কারা সেগুলো সরবরাহ করেছিল এবং সেখানে বিস্ফোরক রাখার জন্য কেউ অভিযুক্তকে নির্দেশ দিয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার মা ও বাবাকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি