চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার
প্রকাশিত : ১৭:২৭, ১৫ জুলাই ২০২৬
গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনে প্রায় দুই বছর ধরে আটক রয়েছেন ৫৪ বছর বয়সী মার্কিন ভূকম্পনবিদ (সিসমোলজিস্ট) চেন ইউলিন। ‘গ্লোবাল রিচ’ নামক মার্কিন জিম্মি ও বন্দি অধিকার সংস্থার তথ্য অনুসারে, ২০২৪ সালের নভেম্বরে চেন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে গেলে সেখানেই তাকে আটক করা হয়।
বুধবার (১৫ জুলাই) এপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
তার পরিবার অভিযোগ করেছে, তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। চীনা কর্তৃপক্ষ এখনও তাকে মুক্তি না দেওয়ায় পরিবার শেষ পর্যন্ত বিষয়টি জনসমক্ষে আনার সিদ্ধান্ত নিয়েছে।
চেনের স্ত্রী রং ইউফাং নিজেও একজন ভূকম্পনবিদ। তিনি বলেন, তার স্বামী চীনা সহকর্মীদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুরোপুরি ভিত্তিহীন। যে উন্মুক্ত পরিবেশে তিনি গবেষণা করেছেন, তার সঙ্গে এসব অভিযোগের কোনো মিল নেই।
গ্লোবাল রিচের মাধ্যমে দেওয়া বিবৃতিতে রং ইউফাং বলেন, ৬০০ দিনেরও বেশি সময় ধরে আমার স্বামীর সঙ্গে কোনো কথা হয়নি। তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন।
চেন ইউলিনের গবেষণার মূল বিষয় ছিল উত্তর কোরিয়া। চীনের ঘনিষ্ঠ মিত্র দেশটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও ভূগর্ভস্থ পরীক্ষার কারণে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় আছে।
তার গবেষণা চীনের নিজস্ব পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত ছিল কি না, তা অস্পষ্ট। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীন নতুন করে পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াচ্ছে এবং গোপনে পরীক্ষা চালাচ্ছে। বেইজিং অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
গত মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র লিন জিয়ান বলেন, তথাকথিত অন্যায় আটক বলে কোনো ঘটনা ঘটেনি। বিচারিক কর্তৃপক্ষ আইন অনুসারে মামলা পরিচালনা করছে। চীনে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডও হতে পারে।
বর্তমানে চেন ইউলিনই একমাত্র মার্কিন নাগরিক, যাকে যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে আটকে রাখা ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে।
গ্লোবাল রিচ জানিয়েছে, মার্কিন সরকারের মধ্যে সন্দেহ রয়েছে যে, পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি) লঙ্ঘন করে চীন গোপনে পরীক্ষা চালানোর কারণেই চেনকে আটক করা হয়েছে। তার দক্ষতা চীনকে আমেরিকার ভূকম্প শনাক্তকরণ পদ্ধতি সম্পর্কে জানতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে।
এনএইচ
আরও পড়ুন










