ঢাকা, শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬

নিজেকে নোবেল পাওয়ার যোগ্য মনে কারে হতাশা প্রকাশ করলেন ট্রাম্প 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৪, ৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

নিজেকে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে আবারও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যোগ্য হওয়া সত্ত্বেও পুরস্কারটি তিনি পাবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার আগামী শুক্রবার ঘোষণা করা হবে। নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কারের বিজয়ীর নাম প্রকাশ করবে।

নোবেল শান্তি পুরস্কার নিয়ে নিজের সম্ভাবনা সম্পর্কে ট্রাম্প বলেন, নোবেল কমিটির সিদ্ধান্ত কী হবে তিনি জানেন না। তবে তাদের ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষদের এই পুরস্কার না দেওয়ার এক ধরণের খ্যাতি রয়েছে। তিনি মনে করেন, তিনি এই পুরস্কার পান বা না পান, তিনি অনেক কাজ করেছেন এবং এটি না দেওয়া হলে তা নোবেল কমিটির জন্যই চরম অসম্মানের কারণ হবে।

নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ অবশ্য নতুন নয়। গত বছর হোয়াইট হাউজে ফেরার পর থেকেই তিনি বারবার বলে আসছেন, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত বন্ধে ভূমিকার জন্য তার নোবেল পাওয়া উচিত। সাংবাদিকদের সামনে তিনি গত বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর কথাও উল্লেখ করেন, যিনি গত জানুয়ারিতে ট্রাম্পকে তার নোবেল পদক উপহার হিসেবে দিয়েছিলেন।

ট্রাম্পের দাবি, ক্ষমতায় ফেরার পর তিনি আটটি সংঘাতে হস্তক্ষেপ করেছেন এবং এসব সংঘাতের অবসানে তার বড় ভূমিকা ছিল। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন বলে জানা গেছে। তবে তার এসব দাবির সঙ্গে সব পক্ষ একমত নয় এবং মনোনয়নের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই শেষ করার প্রতিশ্রুতি দিলেও এখনো সেই যুদ্ধের স্থায়ী সমাধান হয়নি। এছাড়া ট্রাম্পের কূটনৈতিক ভূমিকা এবং ইরান নীতি নিয়েও বিভিন্ন পক্ষ প্রশ্ন তুলেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও জটিল হয়েছে এবং বিশ্ব বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পের নোবেল পাওয়ার দাবি নতুন করে রাজনৈতিক আলোচনায় এসেছে। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে পোপ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

সূত্র: রয়টার্স, ইউএসএ টুডে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি