ঢাকা, শুক্রবার   ০৭ আগস্ট ২০২৬

প্রতারণা মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ১৫ জুন ২০২৬

Ekushey Television Ltd.

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান আসামিকে আদালতে হাজির করে নতুন করে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার তদন্তে সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদের জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। প্রথমে অল্প পরিমাণ অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জনের পর বিভিন্ন ধাপে বড় অঙ্কের টাকা বিনিয়োগে উৎসাহিত করা হয়।

পরবর্তীতে মুনাফাসহ অর্থ ফেরতের প্রতিশ্রুতি দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৌহিদ আফ্রিদিকে মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

এর আগে গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

এ নিয়ে হত্যা মামলাসহ অন্তত তিনটি মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হলো। নতুন এই মামলার তদন্ত চলমান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি