ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬

সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে, ৩ জনের জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১৬:০৩, ১৮ জুন ২০২৬

Ekushey Television Ltd.

প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় আত্মসমর্পণ করা অপর তিন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। 

প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করেন সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের।

আদালতের সমন উপেক্ষা করায় এর আগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে একই ঘটনায় আত্মসমর্পণকারী আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরীর জামিন মঞ্জুর করেন বিচারক।

মামলার নথি অনুযায়ী, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ১০ মে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন। সমনে ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু নির্ধারিত তারিখে কেউ আদালতে উপস্থিত না হওয়ায় গত ১৭ জুন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

পরোয়ানাভুক্তদের মধ্যে ছিলেন আহমেদ জোবায়ের, তার স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু, পাশাপাশি শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।

জামিন আবেদনে আসামিপক্ষ দাবি করে, মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। তাদের ভাষ্য, সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জেরে বাদী মোবারক হোসেন প্রতিশোধমূলকভাবে এ মামলা করেছেন।

আবেদনে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রতারণা বা অর্থ আত্মসাতের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তারা বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং তদন্ত ও বিচার কার্যক্রমে সহযোগিতা করবেন বলেও আদালতকে জানান।

তবে এসব যুক্তি বিবেচনার পরও আদালত আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে আত্মসমর্পণকারী বাকি তিন আসামিকে জামিন প্রদান করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি