ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সেই সময়ে তিন বাহিনী যা বলেছিল রাষ্ট্রপতিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

অসাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে অপসারণসহ বিভিন্ন মহলের চক্রান্ত ব্যর্থ হওয়ার নেপথ্যে সশস্ত্র বাহিনীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। 

গত শুক্রবার রাতে জাতীয় দৈনিক কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

রাষ্ট্রপতি বলেন, ‘গত দেড় বছরে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। কখনো বঙ্গভবনে মব সৃষ্টি করে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা, কখনোবা আড়ালে গভীর চক্রান্ত। সবই ছিল আমাকে উপড়ে ফেলার ষড়যন্ত্র।’  

রাষ্ট্রপতি জানান, নানা সংকটের মধ্যে একা তাঁর পক্ষে মনোবল অটুট রাখা কঠিন হতো, যদি না বিভিন্ন মহল থেকে আশ্বাস ও অভয়বাণী পেতেন। বিশেষ করে তিন বাহিনীর পক্ষ থেকে তিনি সর্বোচ্চ সমর্থন পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। 

রাষ্ট্রপতির ভাষায়, বাহিনীপ্রধানরা তাঁকে স্পষ্ট করে জানিয়েছিলেন, রাষ্ট্রপতি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান; রাষ্ট্রপতির পরাজয় মানে পুরো সশস্ত্র বাহিনীরই পরাজয়, যা তারা যেকোনো মূল্যে রোধ করবেন।

বিভিন্ন সময় সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বঙ্গভবনে এসে তাঁকে মনোবল জুগিয়েছেন বলেও জানান রাষ্ট্রপতি। 

এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেই একবার তাঁকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে তিনি শুনেছেন; সে সময়ও তিন বাহিনীপ্রধান তাঁর পক্ষে অবস্থান নেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জানিয়ে দেন, কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। বঙ্গভবনে মব পরিস্থিতি তৈরি হলেও সশস্ত্র বাহিনী একই অবস্থান নেয় বলে জানান তিনি। 

এ ছাড়া বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপির পক্ষ থেকেও তাঁকে স্পষ্ট সমর্থনের বার্তা দেওয়া হয়েছিল বলে জানান রাষ্ট্রপতি।

উল্লেখ্য, ২০২৪ সালের  ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের বিশেষ পরিস্থিতিতে অন্তর্বতীকালীন সরকার গঠিত হয়। ওই সরকারের দেড় বছরের শাসনামলে রাষ্ট্রপতিকে অবৈধ ও অসাংবিধানিকভাবে অপসারণের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

তবে প্রধান বিচারপতির অনড় অবস্থান, সশস্ত্র বাহিনীর দৃঢ় সমর্থন এবং বৃহত্তর রাজনৈতিক জোট হিসেবে বিএনপির অবস্থানের কারণে শেষ পর্যন্ত সব উদ্যোগই ব্যর্থ হয়। একই সময়ে বঙ্গভবন ঘিরে বিক্ষোভ ও মব পরিস্থিতিও তৈরি হলেও তা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেনাবাহিনী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি