১৫ বছর পর চাকরি ফিরে পেলেন ডিসি কোহিনূর
প্রকাশিত : ১০:০৯, ১০ মার্চ ২০২৬
চাকরি থেকে অপসারণের আদেশ বাতিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পশ্চিম জোনের সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে পুনর্বহাল করেছে সরকার।
সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
একই সঙ্গে বরখাস্তের পর থেকে বর্তমান সময় তার চাকরির মেয়াদের অংশ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
তার বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তিনি বিধি অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, দুটি বিভাগীয় মামলায় তার আপিল পর্যালোচনার পর কোহিনূর মিয়ার বিরুদ্ধে দেওয়া আগের বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে।
একই অভিযোগের বিষয়ে দায়ের করা দুটি ফৌজদারি মামলা আদালতে নিষ্পত্তি হওয়ার পর কোহিনূর মিয়া বরখাস্তের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একটি রিভিউ আবেদন করেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আবেদনটি পর্যালোচনার পর রাষ্ট্রপতি বরখাস্তের আদেশ বাতিলের অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা কোহিনূর মিয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। ময়মনসিংহের পুলিশ সুপারও (এসপি) ছিলেন তিনি।
জানা গেছে, ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে কোহিনূর মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। এর দুই বছর পর অর্থাৎ ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এএইচ
আরও পড়ুন










