ঢাকা, বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬

স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, কায়সার কামাল ডেপুটি স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১২:২৬, ১২ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতি মনোনীত হয়েছেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সভাপতিত্বে শুরুতে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্বপালনে সম্মত আছেন বলে জানান সংসদের সভাপতি। 

তিনি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।

প্রস্তাব সংসদে উত্থাপন করা হয়। এতে হ্যাঁ জয়যুক্ত হয়।

পরে ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন পেয়েছেন বলে জানান সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। তিনি হলেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল। তিনি এই দায়িত্বপালনে সম্মত বলে জানান সভাপতি। 

সভাপতি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদারকে আহ্বান জানান। প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।

প্রস্তাবটি সংসদে পেশ করা হয়। এতে হাঁ জয়যুক্ত হয়।

এর আগে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে সমর্থন জানান সংসদে বিরোধী দলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি