আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, বিএনপির সাধারণ কর্মী: মীর শাহে আলম
প্রকাশিত : ১৫:৫৫, ৯ জুলাই ২০২৬
আমাকে কোনো কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে উপস্থাপন করবেন না। আমি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করছি। এ কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন এটুকুই আমাদের সম্পর্ক।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ও তাঁর পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। ক্ষমতায় আসার পরও তাঁর পরিবারকে নানা সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তবে যোগ্যতার ভিত্তিতে তাঁর পরিবারের সদস্যরা কোনো দায়িত্ব পেলে সেটিকে অযথা বিতর্কিত না করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমার সম্পর্ককে ‘বন্ধুত্ব’ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নোটিশে বা নজরে নিয়ে আসবেন না। কোনো কারণে, কোনোভাবেই আমি আমাদের শ্রদ্ধেয় নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না। আমি বিএনপির একজন সাধারণ কর্মী।’
তিনি বলেন, শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের বাড়ি বগুড়া। বিএনপির কর্মী ও জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে বগুড়া জেলার দায়িত্ব পালন করার কারণে তাঁর সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন পরামর্শ দেন।
মীর শাহে আলম বলেন, ‘বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন এইটুকুই তাঁর সাথে আমার সম্পর্ক। তাঁর সাথে আমার বয়সেরও অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এই যে মানুষের সামনে উপস্থাপন করা হয় যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম এটা করলো, এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না। অনুগ্রহপূর্বক এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে থাকবেন বা সবাইকে সজাগ করবেন, এইটুকু আমি অনুরোধ করছি।’
বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
এএইচ
আরও পড়ুন










