ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২৩ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষে স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, চট্টগ্রামে বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। আগামী ২৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর স্থগিত পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করা হবে। যারা বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান পরীক্ষা যারা দিতে পারেননি, তারা নিবন্ধন করে পরীক্ষা দিতে পারবেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরে জানানোর কথাও বলেছিল শিক্ষা বোর্ড।

চট্টগ্রাম বাদে বাকি জেলাগুলো হলো—রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি