ভোটার তালিকা পেলে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা: ইসি সচিব
প্রকাশিত : ১৯:৪৫, ৩ আগস্ট ২০২৬
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয়ের কাছে সংসদ সদস্যদের (এমপি) তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেক্ষেত্রে ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, “রাষ্ট্রপতির নির্বাচন নিয়ে এখন পর্যন্ত তারিখ বা শিডিউল বা অন্য কোনও কিছু ঠিক হয়নি। আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে ওনাদের কাছে অনুরোধ করেছি যে ভোটার তালিকাটা ওনারা দেবেন। ভোটার তালিকা পাওয়ার পরে রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এবং শিডিউল এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি এবং আইন সংশোধনের কিছু প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপি সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়াটি আইন মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগে পাঠানো হবে।’
নির্বাচনের সময়সীমা সম্পার্কে তিনি বলেন, “সাধারণত তফসিল ঘোষণা থেকে নির্বাচনের তারিখ পর্যন্ত ৪৫ দিনের ব্যবধান থাকে। ভোটার তালিকা হালনাগাদ ও অন্যান্য প্রস্তুতির জন্য একটি ‘ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন’ বা উল্টো গণনা করে সময় নির্ধারণ করা হয়।”
তিনি বলেন, ‘আমাদের প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং ভোটকেন্দ্র প্রস্তুত আছে। ভোটার তালিকা হালনাগাদের কাট-অফ পয়েন্ট প্রয়োজনে বাড়ানো হতে পারে। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু করা যায়।’
এনআইডি সংশোধনের জন্য কোনো সুনির্দিষ্ট এসওপি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান নির্বাচন কমিশনের সিনিয়র এই সচিব।
তিনি বলেন, এনআইডি নিয়ে কমিটি করা হয়েছে। কিন্তু কমিটির রিকমেন্ডেশনগুলো এখনও ক্রিস্টালাইজ করা হয়নি। ব্রড ফ্রেম অব রেফারেন্সে আলোচনাটা করা হয়েছে। কিন্তু এসওপি করা হয়নি যে কী কী জিনিস তারা দেখবে, যাতে কোনও অসংগতি না থাকে। আমি একটা পুরো ব্রিফিং দেবো সামগ্রিক বিষয় নিয়ে।
রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট সম্পর্কে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর অডিট রিপোর্ট দেওয়ার শেষ সময় ছিল ৩১ জুলাই। যেহেতু ৩১ জুলাই শুক্রবার ছিল, তাই ২ আগস্ট পর্যন্ত আমরা গ্রহণ করেছি। আমাদের ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩৮টি দল তাদের অডিট রিপোর্ট জমা দিয়েছে। ১৩টি দল সময় বৃদ্ধির আবেদন করেছে এবং আটটি দল কোনো সাড়া দেয়নি। যারা সাড়া দেয়নি তাদের আইন অনুযায়ী নোটিশ দেওয়া হবে বলে জানান ইসি সচিব।
এএইচ
আরও পড়ুন










