ঢাকা, শনিবার   ০৮ আগস্ট ২০২৬

রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্যায় ক্ষতিগ্রস্তদের দিবেন নতুন ঘর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৩, ৮ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহামান।

প্রধানমন্ত্রী তারেক রহামান।

Ekushey Television Ltd.

আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়ি যাচ্ছেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারকে ঘর উপহার, গভীর সমুদ্র বন্দর পরিদর্শন ও বাঁশখালী, হাটহাজারিতে জনসভায় অংশ নিবেন তিনি।

সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। হেফাজত আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে লিখিত দাবি-দাওয়া পেশ করা হবে।

গেলো মাসে ভয়াবহ বন্যায় ডুবে যায় দক্ষিণ চট্টগ্রাম। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা। বন্যায় ঘরবাড়ি, ফসল, সর্বস্ব হারান অনেকে। এই অসহায় পরিবারকে ১৩০টি ঘর হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী। সরেজমিনে দেখা যায়, ঘরের নির্মাণকাজ শেষ করতে দিনরাত কাজ করছেন শ্রমিকরা। ছোট হলেও এ ঘর অনেকটা স্বপ্নের মতো তাদের কাছে।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য আনন্দের। হুজুরের (হেফাজত আমির) পক্ষ থেকে লিখিত দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে পেশ করার কথা রয়েছে।

মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর হুজুরের  সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তখন রমজান মাস শুরু হওয়ায় এবং বাবুনগর মাদরাসায় খতমে তারাবির দায়িত্বে থাকায় ঢাকায় অবস্থান করা সম্ভব নয় বলে হুজুর প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তখন প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে এসে তার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর।

আগামাীকালের সফরসূচি অনুযায়ী, ৯ আগস্ট সকাল ৮টা ৪৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্পসহ মহেশখালীর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন।

কক্সবাজারের কর্মসূচি শেষে দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর ফটিকছড়ির উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে পেলাগাজী দিঘির মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

জানা গেছে, দুপুর ২টা ৩০ মিনিটে হাটহাজারীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন ও মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর বিকেল ৩টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলা পরিষদ ডাকবাংলোয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসন সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরের একটি হোটেলে স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর রাত ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি