চার বছর পর ৭০ হাজারের বেশি শিক্ষক পেলেন অবসর সুবিধা
প্রকাশিত : ১৫:২৬, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৫৮, ১৫ আগস্ট ২০২৬
২০২২ সালের থেকে দীর্ঘ চার বছর পর বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকা তাদের অবসর সুবিধার জমানো টাকার একটি অংশ পেয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের প্রাপ্য অর্থ ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক- কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের সুবিধাপ্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে ‘আইবাস++’ এর মাধ্যমে প্রস্তুত করা হয়েছে।
শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার। দীর্ঘ চার বছর ধরে জমে থাকা শিক্ষকদের বকেয়ার জট কাটাতে দেশের ৬৪ জেলায় একযোগে শিক্ষকদের স্ব স্ব ব্যাংক একাউন্টে এই টাকাগুলো পাঠানো হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে শিক্ষক-শিক্ষিকাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই তাদের ব্যাংক হিসাবে পৌঁছে যাবে, ইনশা আল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষকদের অবসর-পরবর্তী ভূমিকার কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বলা হয়ে থাকে, শিক্ষকতা হলো একমাত্র পেশা, যা অন্য সব পেশার সৃষ্টি করে। শিক্ষকতা পেশা থেকে অবসর নিলেও তাঁদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নানা পেশায় প্রতিষ্ঠিত হয়েছে, হচ্ছে এবং হবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা।
জীবনের শেষ দিন পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন—এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।
এমএইচ
আরও পড়ুন










