ঢাকা, বুধবার   ০২ সেপ্টেম্বর ২০২৬

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতায় থাকাকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ বদলি, কেনাকাটাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এরইমধ্যে ৪ সদস্যের অনুসন্ধান টিম গঠন করেছে বলেও জানা গেছে। বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম।

দুদক সূত্র বলছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ মোট চার জনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- বেআইরি কাজ হাসিলে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং সম্পর্কিত অভিযোগ। এছাড়া বিদেশে অর্থপাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও করা হয়েছে। 

সূত্র আরও জানায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হওয়ার সুবাদে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপের মতো অভিযোগও আছে তার বিরুদ্ধে। 

অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি