ঢাকা, বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬

ভেটেরিনারি স্বাস্থ্যসেবায় নতুন ৪৯২ পদ সৃজনে অর্থ বিভাগের সম্মতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের উপজেলা পর্যায়ে ভেটেরিনারি স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রম জোরদারে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে ৪৯২টি নতুন পদ সৃজনে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের শাখা-৪ এ সংক্রান্ত সম্মতিপত্র জারি করে। 

সম্মতিপত্র অনুযায়ী, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে রাজস্বখাতে অস্থায়ীভাবে এসব পদ সৃজন করা হবে। দুই অর্থবছরে পর্যায়ক্রমে পদগুলো সৃজন করা হবে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থবছরে আরও ২৪৬টি পদ সৃজন করা হবে।

ভেটেরিনারি স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সঙ্গে জনস্বাস্থ্যেরও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রাণির রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ, রোগের নজরদারি, প্রাণি থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে এমন রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে দক্ষ জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

নতুন পদ সৃজনের ফলে এসব কার্যক্রমে মাঠপর্যায়ের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

অর্থ বিভাগের সম্মতিপত্রে পদ সৃজনের ক্ষেত্রে ১১টি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে সংশ্লিষ্ট পদগুলোর বেতনস্কেল নির্ধারণ ও যাচাই করতে হবে।  একই সঙ্গে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ এবং পদ সৃজনে সংশ্লিষ্ট মন্ত্রীর অনুমোদন নিতে হবে। 

এছাড়া নির্ধারিত অর্থবছর অনুযায়ী ২০২৬-২৭ সালে ২৪৬টি এবং ২০২৭-২৮ সালে ২৪৬টি পদ সৃজন করতে হবে। 

প্রশাসনিক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করতে হবে বলেও সম্মতিপত্রে উল্লেখ করা হয়েছে। 

পদ সৃজনের পর নিয়োগ ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সরকারি বিধি-বিধান ও প্রক্রিয়া অনুসরণ করে সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা পর্যায়ে সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসারের নতুন পদগুলো সৃজিত হলে প্রাণিসম্পদ চিকিৎসা ও রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি ভেটেরিনারি জনস্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি