ঢাকা, বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপ: শ্রীলঙ্কাকে হারিয়ে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৫, ১১ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

আগের ম্যাচেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজকের ম্যাচটি লাল-সবুজের প্রতিনিধিদের জন্য গ্রুপ সেরা হওয়ার লড়াই। এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই দারুণ দাপট দেখাচ্ছে স্বাগতিকরা। ইতোমধ্যে শ্রীলঙ্কার জালে চার বার বল পাঠিয়েছে বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে জয় পেলেও সেদিন খুব একটা গুছানো ফুটবল উপহার দিতে পারেনি স্বাগতিক দল। তবে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও পরিকল্পিত ফুটবল খেলছে তারা। খেলার পঞ্চম মিনিটেই বক্সের সামনে থেকে ফ্রি-কিকে শট নেন হামজা, যদিও বলটি বারের সামান্য ওপর দিয়ে চলে যায়।

প্রথম গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। কয়েক মিনিট পরই ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন হামজা। তার বাড়ানো ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ঠিকমতো গ্রিপ করতে ব্যর্থ হন। বক্সের ভেতরে থাকা সামিত সোমের প্রথম শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। তবে ফিরতি শটে বল জালে জড়াতে ভুল করেননি সামিত, আর তাতেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারি।

হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললেও আজ শুরু থেকেই তাকে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় দেখা যাচ্ছে। দলের প্রতিটি আক্রমণেই তিনি বড় ভূমিকা রাখছেন। অন্যদিকে, ভুটান ম্যাচের গোলদাতা ইব্রাহিম আজ মূল স্ট্রাইকার পজিশনে খেলছেন।

প্রথম গোলে সহায়তা করার পর দলের দ্বিতীয় গোলটি নিজেই আদায় করে নেন হামজা। ইব্রাহিমের বাড়ানো বল বক্সের ভেতর দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নেন তিনি। 

এরপর এক ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে গেলে লঙ্কান গোলরক্ষক পেরেরা সামনে এসে তাকে রুখতে চান। কিন্তু গোলরক্ষকের পাশ দিয়ে জোরালো শটে বল জালে পাঠান হামজা। জাতীয় দলের জার্সিতে এটি তার পঞ্চম গোল। এর আগেও বক্সের ভেতর দারুণভাবে ব্যাক হিল করে গোলের সুযোগ তৈরি করেছিলেন তিনি, যা পোস্টের সামান্য ওপর দিয়ে বাইরে চলে যায়।

প্রথম গোল হজম করার পর শ্রীলঙ্কা ম্যাচে ফেরার জন্য বেশ কিছু আক্রমণ চালায়। তবে বাংলাদেশের রক্ষণভাগে ডিফেন্ডার জিদান ইফসুফের দারুণ নৈপুণ্যে লঙ্কানদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। শ্রীলঙ্কার ম্যাচে ফেরার ক্ষীণ আশাও শেষ হয়ে যায় দ্বিতীয়ার্ধে ফারহান আলী ওয়াহিদের দুর্দান্ত এক গোলে।

ম্যাচের ৫৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে বল নিয়ে লঙ্কান বক্সে ঢুকে পড়েন ফারহান। প্রথমে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মাঝখান দিয়ে বেরিয়ে যান তিনি। এরপর আরও দুই ডিফেন্ডারের বাধা পেরিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান। তার এই জাদুকরী গোলে মুগ্ধ হয়েছে পুরো স্টেডিয়াম।

আজকের ম্যাচে শ্রীলঙ্কা অন্তত ২ গোলের ব্যবধানে পরাজিত হলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ভুটান রানার্সআপ হয়ে সেমিফাইনালে পা রাখবে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি