ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

দ্বিতীয় টেস্টে দশ উইকেটে জিতল ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ১৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জেতার জন্য ভারতের দরকার ছিল ৭২ রান। তৃতীয় দিনে বাকি ছিল ১৫ ওভারের মতো। সময় ছিল প্রায় ৪৫ মিনিট। রোববারই সিরিজ ২-০ করতে পারবে কিনা টিম ইন্ডিয়া, এটাই ছিল একমাত্র চ্যালেঞ্জ। বিরাট কোহলির ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে
যে কোনও চ্যালেঞ্জই ছিল না!

তা আক্রমণাত্মক মেজাজেই ভারত (৭৫-০) পৌঁছে গেল জয়ের লক্ষ্যে। জয় এল দশ উইকেটে। অপরাজিত থাকলেন দুই ওপেনার। পৃথ্বী শ করলেন ৩৩। লোকেশ রাহুল-ও করলেন ৩৩।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শেষ হল ১২৭ রানে। ৪৬.১ ওভারেই থেমে গেল প্রতিরোধ। পেসার উমেশ যাদবই ভাঙলেন। প্রথম ইনিংসে ৮৮ রানে ছয় উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি ৪৫ রানে নিলেন চার উইকেট।ম্যাচে দশ উইকেট হল তার।তিন উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। দুই উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এক উইকেট কুলদীপ যাদবের।সুনীল অ্যামব্রিস (৩৮), শাই হোপ (২৮) ছাড়া কেউ কুড়ির ওপারে যাননি।

সকালে ৫৬ রানের লিড পেয়েছিল বিরাট কোহালির ভারত। জমে গিয়েছিল টেস্ট। রোববার সকালে চার উইকেটে ৩০৮ রান নিয়ে শুরু করেছিলেন ঋষভ পন্থ ও অজিঙ্ক রাহানে। দু`জনেই সেঞ্চুরির কাছাকাছি ছিলেন। অসমাপ্ত পঞ্চম উইকেটে ঋষভ-রাহানে দেড়শোর মতো রান যোগও করে ফেলেছিলেন। মনে করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রান টপকে দেড়শো থেকে দু`শো রানের লিড নেবে টিম ইন্ডিয়া। অন্যরকম ভেবেছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার। রোববার সকালে তার পাঁচ উইকেট ভাঙন ধরিয়েছিল। রাহানে (৮০), রবীন্দ্র জাদেজা (০), কুলদীপ যাদব (৬) পরপর ফিরেছিলেন তার বলে। অসাধারণ বোলিং গড় তার। ২৩-৫-৫৬-৫। এর আগে ব্যাটেও ৫২ করেছিলেন হোল্ডার। কিন্তু, বাকিদের থেকে ব্যাটে-বলে সহায়তা পাননি তিনি।

রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ৯২ রানে ফিরেছিলেন ঋষভ। এদিনও শ্যানন গ্যাব্রিয়েলের বলে ওই রানেই ফিরেছিলেন। পরপর দুই টেস্টে, লাগাতার দুই ইনিংসে ৯২ রানে ফিরলেন তিনি। রাহানেও তিন অঙ্কের রানে পৌঁছনোর সুযোগ হারিয়েছিলেন। লোয়ার অর্ডারে রান পাননি উমেশ যাদব (২)। কুঁচকির চোট নিয়েও নেমে ৪ রানে অপরাজিত থেকেছিলেন শার্দুল ঠাকুর। ভারতের লিড পঞ্চাশের ওপারে নিয়ে গিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (৩৫)। শেষ উইকেটে অশ্বিন-শার্দুল যোগ করেছিলেন ২৮ রান। যা ম্যাচের পরিস্থিতি অনুসারে মূল্যবান হয়ে উঠল। শেষ ব্যাটসম্যান হিসেবে অশ্বিনকে ফিরিয়েছিলেন গ্যাব্রিয়েল (৩-১০৭)।

সূত্র-আনন্দবাজার

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি