অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে সকাল ১০টায়, বাড়ির পাশে দাফন
প্রকাশিত : ০৯:১৩, ২০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে নিহত ইশরাত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তার নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় অপ্রতিমের মরদেহ কুমিল্লার গন্ধমতিতে তার নিজ বাড়িতে নেওয়ার পর সাংবাদিকদের একথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
উপাচার্য বলেন, ‘এটি একটি অস্বাভাবিক মৃত্যু। আপনারা জানেন, অপ্রতিম গতকাল (শুক্রবার) থেকে নিখোঁজ ছিল। আজ দুপুরের পর তার লাশ পাওয়া যায়। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি এবং সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আগামীকাল সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।’
এরপর কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হবে বলে জানান তিনি।
উপাচার্য বলেন, নিহত অপ্রতিমের দাদার বাড়ি কুষ্টিয়ায়। নানার বাড়ি চাঁদপুরে। কুমিল্লা কোটবাড়ি গন্ধমতি এলাকায় যে বাড়িতে তারা থাকতেন সেটি তাদের নিজেদের করা বাড়ি। অপ্রতিমের জন্ম হয়েছিল এখানেই। সে বড়ও হয়েছে এই গন্ধমতি এলাকায়। তাই তার পরিবারের ইচ্ছায় বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হবে তাকে।
এর আগে ময়নাতদন্ত শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে অপ্রতিমের মরদেহ আনা হয় কোটবাড়ি গন্ধমতি এলাকায়। তার মরদেহ আনার পর শেষবার একনজর দেখার জন্য দূর-দূরান্ত থেকে ছুটে আসেন শত শত মানুষ। দুপুর থেকে পুরো এলাকাজুড়ে যে শোকের মাতম তৈরি হয়েছে সেটি রাতেও দেখা গেছে।
এদিকে অপ্রতিমের হত্যার বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে জানাজা শেষে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তারা এ কর্মসূচির কথা জানান।
শিক্ষার্থীদের পোস্টে বলা হয়, রোববার সকাল ১০টায় অপ্রতিমের জানাজার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। পরবর্তী কর্মসূচি বিক্ষোভ মিছিল থেকেই তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ রবিবার বিশ্ববিদ্যালয়ে ‘সাধারণ শোক’ ঘোষণা করেছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালায়।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিম। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি সে।
এএইচ
আরও পড়ুন










